
রৌমারী সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ৩৫ বিজিবি
সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধিঃ
পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এ বাহিনী।
জানা গেছে, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনো ধরনের পুশইন বা অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে। সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণকেও সচেতন থাকার আহ্বান জানিয়েছে বিজিবি।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।