
মোঃ জলিল, বিশেষ প্রতিনিধি বরিশাল
“ভূমিসেবা মেলা ২০২৬” উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদুল ইসলাম খান, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা, সাবেক মহানগর ছাত্রদলের সহ সভাপতি আজিজুল হক, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন মুন্না।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো হয়েছে। এ সময় ভূমি সেবা গ্রহণে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ভূমি মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়া ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং ডিজিটাল সেবার সুবিধা সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ভূমি অফিস, বাবুগঞ্জ, বরিশাল এবং সহযোগিতায় ছিল ভূমি মন্ত্রণালয়।