
মো:রাশিদুল ইসলাম, গাজীপুর
তীব্র রোদ আর ভ্যাপসা গরমে পুড়ছে গাজীপুরের কালিয়াকৈর। গত কয়েকদিন ধরেই এ অঞ্চলে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও, বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে তা অনুভূত হচ্ছে প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। সকাল গড়াতেই আকাশ থেকে যেন ঝরছে আগুনের ফুলকি।
এই অসহ্য গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। জীবন-জীবিকার টানে তীব্র রোদ মাথায় নিয়ে বের হলেও গরমে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক কর্মজীবন।
গরমের এই তীব্র থাবায় সবচেয়ে ঝুঁকিতে পড়েছে কোলের শিশু ও নাবালকেরা। প্রচণ্ড গরমে ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি, তীব্র দাবদাহের নিষ্ঠুর প্রভাব পড়েছে প্রকৃতি ও কৃষিতেও। কালিয়াকৈরের বিভিন্ন মাঠে রোদের তীব্রতায় ফসলি জমির পুড়ছে গাছের পাতা। ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয় কৃষকদের।
এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং প্রচুর পরিমাণ নিরাপদ পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।