
অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় মানববন্ধন
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)
শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) সকাল ১১টায় শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মানববন্ধন কর্মসূচি শুরু হয়ে শার্শা থানার সামনে পর্যন্ত বিস্তৃত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৭ বছর বিভিন্ন রাজনৈতিক মামলা-মোকদ্দমায় বিএনপির নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে আসছেন অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে দাবি করেন তারা।
বক্তারা মামলার বিষয়টি পুনঃতদন্তের জন্য শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রতি আহ্বান জানান। একই সঙ্গে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল খাতুন, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, সাবেক যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খান মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা প্রত্যাহার না হলে পর্যায়ক্রমে থানা ঘেরাও, সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনের মাধ্যমে তাদের আন্দোলনের সূচনা হয়েছে বলেও জানান তারা।