
সোনাগাজীতে ডাংগি খাল খননের শুভ কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।
প্রধানমন্ত্রী’র নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইজিপিপি কর্মসূচির আওতায় বৃহৎ উদ্যোগ; উদ্বোধন করলেন ফেনীর জেলা প্রশাসক মিজ্ মনিরা হক
সোনাগাজী (ফেনী), ৮ জুন ২০২৬: প্রধানমন্ত্রী’র নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (ইজিপিপি) কর্মসূচির আওতায় সোনাগাজী উপজেলার গুরুত্বপূর্ণ সোনাগাজী ডাংগি খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মনিরা হক।
স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালটি নাব্যতা সংকট ও পলি জমে ভরাট হয়ে যাওয়ার কারণে স্থানীয় জনগণ নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, কৃষিজমিতে পানি নিষ্কাশনের সমস্যা এবং পরিবেশগত ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছিল।
খাল খনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা হ্রাস পাবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় দরিদ্র ও কর্মহীন মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প।
জেলা প্রশাসক মিজ্ মনিরা হক তাঁর বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাল খননের মাধ্যমে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, পরিবেশ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করার পথ সুগম হবে।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বহুদিনের প্রত্যাশিত এই খাল খনন কাজ বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ কমবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয়দের মতে, “ডাংগি খাল খনন শুধু একটি প্রকল্প নয়, এটি সোনাগাজীর মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণের একটি মাইলফলক।”