
মতিহারে গোলাগুলির ঘটনার পর ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার, র্যাবের অভিযান অব্যাহত
অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী
রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় গোলাগুলির ঘটনার পর অভিযান চালিয়ে ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৫।
র্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে সোমবার (৮ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি’র গোয়েন্দা দল জানতে পারে যে রাজশাহী মহানগরীর মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় র্যাব-৫ এর একটি আভিযানিক দল। ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত গুলিগুলো জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্র ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে।