
কালকিনিতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী শপথ ও সচেতনতামূলক সভা
উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর।
মাদারীপুরের কালকিনি উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮/০৬/২৬ ইং) বিকেলে স্কুল ছুটির পর উপজেলার সাহেবরামপুর বাজারস্থ কমিউনিটি সেন্টারে সিসিডিবির উপজেলা নেটওয়ার্ক পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
সিডিবির এরিয়া ম্যানেজার সুদীপন খীসার সভাপতিত্বে এবং রিয়াদ মোল্লা ও সুপ্রভা অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফ-উল-আরেফিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বিএম আসাদুজ্জামান, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মুরাদ সরদার, সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন, প্রগতি সেবা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক জাকির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি মারাত্মক ব্যাধি। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের তৈরি করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে শপথ গ্রহণ ও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।