
শার্শায় বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ উদ্বোধন
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে নারীর ক্ষমতায়ন, কর্মদক্ষতা বৃদ্ধি ও সামাজিক কল্যাণ প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ‘আলোকিত নারী উন্নয়ন সংস্থা’র আয়োজনে বেনাপোল পৌর বিয়ে বাড়ি মিলনায়তনে আজ ১৮ই জুন, ২০২৬ (বৃহস্পতিবার) বিকাল ০৩:৩০ ঘটিকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোকিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি জনাব মোস্তাফিজ্জাহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফজলে ওয়াহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব নিয়াজ মাখদুম, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মেহেদী হাসান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা জাহান-ই-গুলশান।আরো উপস্থিত ছিলেন কালবেলার সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু, সময় টেলিভিশন এর সাংবাদিক আজিজুর রহমান, দৈনিক দিনকালের সাংবাদিক মিলন হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং সমাজে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এই সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ প্রকল্প স্থানীয় নারীদের আত্মনির্ভরশীল হতে বিশেষভাবে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী নারী উপস্থিত ছিলেন।