
বগুড়ায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা আহত, থানায় অভিযোগ।
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের শাহারপুকুর এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে এক যুবক আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবকের ফুফু মোছা. আজেমা বেগম বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহারপুকুর এলাকার বাসিন্দা আলমগীর হোসেন, আমিনুর ও জিহাদের সঙ্গে অভিযোগকারীর আত্মীয়দের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে শাহারপুকুর গ্রামের একটি মাঠে অভিযোগকারীর বোন জামাই মো. লিটনের সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে অভিযুক্তরা লিটনকে গালিগালাজ করতে থাকলে তিনি এর প্রতিবাদ করেন। তখন অভিযোগ অনুযায়ী, আলমগীর হোসেন তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হামলার চেষ্টা করেন। এ সময় লিটনকে রক্ষা করতে এগিয়ে গেলে মো. সজিব (২৪) নামে এক যুবকের পিঠে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়া হামলার সময় তার বাম পায়েও লাঠি দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় লোকজন ও স্বজনরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত সজিবকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় ভর্তি করা হয় এবং তার চিকিৎসা চলছে।
আহতের ফুফু মোছা. আজেমা বেগম জানান, চিকিৎসা ও পারিবারিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।