
মোঃ শাহিনুর রহমান আকাশ
স্টাফ রিপোর্টার, রাজশাহী
আবহাওয়ার পরিবর্তন ও মৌসুমি প্রাদুর্ভাবের কারণে গবাদিপশুর মধ্যে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে খামারিদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পাশাপাশি গবাদিপশুর সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা। একই সঙ্গে সাধারণ পশুপালনকারী ও খামারিদের যেকোনো সমস্যায় পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন তাঁরা।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারিদের নিয়ে গবাদিপশুর বিভিন্ন রোগ, প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতোয়ার রহমান, দুর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন এবং দুর্গাপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সামছুন নাহার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির উপজেলা সদস্য খবির উদ্দিন আহম্মেদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোয়াইমিনুল হক (রেন্টু), এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় খামারি ও সর্বস্তরের জনসাধারণসহ অনেকে।

আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তারা গবাদিপশুর বিভিন্ন মৌসুমি ও সংক্রামক রোগের লক্ষণ, বিস্তার, প্রতিরোধ এবং প্রাথমিক করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, আবহাওয়ার পরিবর্তনের সময় গবাদিপশুর স্বাস্থ্যঝুঁকি বেড়ে যেতে পারে। এ সময় খামারিদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পশুর থাকার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিরাপদ ও পুষ্টিকর খাবার সরবরাহ, বিশুদ্ধ পানি নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ে প্রয়োজনীয় টিকা প্রদান অত্যন্ত জরুরি।
তাঁরা আরও বলেন, গবাদিপশুর কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে নিজেরা অনুমান করে ওষুধ প্রয়োগ না করে দ্রুত প্রাণিসম্পদ দপ্তর বা নিবন্ধিত পশুচিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে সংক্রামক রোগের ক্ষেত্রে আক্রান্ত পশুকে অন্য পশু থেকে আলাদা রাখা এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত শুধু মানুষের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেই নয়, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও স্বাবলম্বী পরিবার গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ দুধ, মাংস ও অন্যান্য প্রাণিজ আমিষ উৎপাদনের সঙ্গে জনস্বাস্থ্যের বিষয়টিও গভীরভাবে জড়িত। তাই পশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি উৎপাদিত প্রাণিজ খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা খামারিদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। তাঁরা জানান, সাধারণ পশুপালনকারী থেকে শুরু করে বাণিজ্যিক খামারি—সবার জন্য প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতার সুযোগ রয়েছে। গবাদিপশুর রোগ, চিকিৎসা, টিকাদান কিংবা খামার পরিচালনায় যেকোনো সমস্যায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পাওয়া যাবে।
প্রাণিসম্পদ কর্মকর্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, খামারি ও সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয় ও সচেতনতা বৃদ্ধি পেলে গবাদিপশুর রোগ প্রতিরোধের পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন আরও গতিশীল হবে।
আলোচনা সভা শেষে উপস্থিত খামারিদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।