
জনভোগান্তি কমাতে উদ্যোগ, প্রশংসায় ভাসছেন কোটালীপাড়ার ইউএনও।
নৃপেন হালদার, উপজেলা প্রতিনিধ,(কোটালীপাড়া, গোপালগঞ্জ)
জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানো, সড়কের উপরের বাজার অপসারণ এবং লোকাল বাসের পার্কিং ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের প্রশংসা পাচ্ছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএন ও)সাইফ-উল-আরেফীন। দীর্ঘদিনের দুটি নাগরিক সমস্যার সমাধানে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে স্থানীয় বাসিন্দারা। কোটালীপাড়া পৌরসভার পশ্চিমপাড় সড়কের উপর বসা বাজারটি দীর্ঘদিন ধরে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি করছিল। সকাল হলেই সড়কের বড় একটি অংশ জুড়ে বসতো বাজার । এতে সংকুচিত হয়ে পড়তো যান চলাচলের জায়গা, তৈরি হতো যানজট। বিশেষ করে ব্যস্ত সময়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন উদ্যোগী হয়ে সড়কের উপর থেকে বাজারটি অপসারণ করে। বাস্তবতা হলো, একটি জনপথের যানজট ও নাগরিক ভোগান্তির পেছনে সব সময় বড় কোনো অবকাঠমোগত সংকট থাকে না। অনেক ক্ষেত্রে অপরিকল্পিত বাজার, যত্রতত্র যানবাহন রাখা এবং নিয়মের যথাযথ প্রয়োগ না থাকাই জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এসব সমস্যা সমাধানে শুধু নির্দেশনা নয় প্রয়োজন নিয়মিত তদারকি ও প্রশাসনিক সদিচ্ছা। কোটালীপাড়ার সাম্প্রতিক উদ্যোগ দুটি সেই বাস্তবতাকেই সামনে এনেছে। কারণ, সড়ক জনগনের চলাচলের জন্য, এটি কোন ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছেমতো ব্যবহারের জায়গা নয়। বাজারের ব্যবসায়ী, বাস মালিক – শ্রমিক এবং সাধারণ পথচারী – সবার স্বার্থ বিবেচনায় রেখে সড়কের শৃঙ্খলা নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব। তবে কোন উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করে ধারাবাহিকতার উপর। বাজার আবার সড়কে বসছে কি না,বাস গুলো নির্ধারিত স্থানে থাকছে কিনা এবং নিয়ম ভাঙ্গলে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। একই সঙ্গে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্থানীয়দের মতে, জনস্বার্থ সংশ্লিষ্ট এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ায় ইউএনও সাইফ- উল- আরেফীন প্রশংসা পাচ্ছেন। তাদের প্রত্যাশা, কোটালীপাড়ার অন্যান্য নাগরিক সমস্যার সমাধানেও উপজেলা প্রশাসন একইভাবে কার্যকর ভূমিকা রাখবে।প্রশাসনের দায়িত্ব শুধু নিয়ম প্রয়োগ নয়, মানুষের সমস্যা চিহ্নিত করে তার সমাধান নিশ্চিত করাও । আর জনস্বার্থে নেওয়া উদ্যোগ যখন মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরিয়া আনে,তখন সেই উদ্যোগই প্রশাসনের প্রতি মানুষের আস্থা তৈরিতে ভূমিকা রাখে।