
সালথায় জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, আহত ১৫
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের সালথায় জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু এবং স্থানীয় বিএনপি নেতা আনছার মাতুব্বরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে লাভলু চেয়ারম্যানের সমর্থক কালাম মুন্সি রাস্তার কিছু অংশ আটকে জমিতে নেটজাল দিয়ে বেড়া দিচ্ছিলেন। এ সময় আনছার মাতুব্বরের সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রানদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় লাভলু চেয়ারম্যানের সমর্থক সালাউদ্দিন কাজী আনছার মাতুব্বরের সমর্থক ভ্যানচালক নান্নু মোল্যার বসতঘরে ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে। পরে পাল্টা হামলায় অপর পক্ষের লোকজনও কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালান। এতে অন্তত ৮ থেকে ১০টি বসতঘর হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু ও গট্টি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আনছার মাতুব্বরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।