
চন্দ্রগঞ্জে অনুমতিহীন মেলা বন্ধে উপজেলা প্রশাসনের যৌথ অভিযান
জসিম উদ্দিন
জেলা প্রতিনিধি
লক্ষীপুর
চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের বসুরহাট বাজারে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আয়োজিত একটি মেলা যৌথ অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
০৪ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন চন্দ্রগঞ্জ-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে পরিচালিত এই কার্যক্রমে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ এবং দাসেরহাট পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এছাড়া চরশাহী ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশবৃন্দ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, ‘দি প্লেসেস অব পাবলিক অ্যামিউজমেন্ট অ্যাক্ট, ১৯৩৩’ (The Places of Public Amusement Act, 1933) এর ধারা ৫ অনুযায়ী—সাধারণ জনসাধারণের বিনোদনের জন্য যেকোনো ধরনের অস্থায়ী বা স্থায়ী মেলা, সার্কাস, কার্নিভাল কিংবা বিনোদন কেন্দ্র চালু করতে হলে জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) নিকট থেকে নির্দিষ্ট ফরমে লাইসেন্স বা পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু বসুরহাট বাজারে আয়োজিত মেলাটি পরিচালনার জন্য কোনো ধরনের আইনানুগ বৈধ অনুমতি নেওয়া হয়নি।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। জনস্বার্থ রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং আইনের শাসন সুদৃঢ় করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।