
শেরপুরে উদ্যোক্তা সৃষ্টিতে বিসিকের উদ্যোগ, পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
নতুন শিল্পোদ্যোক্তা সৃষ্টি, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে শেরপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এতে সভাপতিত্ব করেন বিসিক শেরপুর জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান ফকির।
সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের প্রকল্প প্রস্তাব উপস্থাপন ও মূল্যায়ন পর্ব অনলাইনে পরিচালনা করেন বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকার সহকারী নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) মো. মুনতাসির মামুন।
এ ছাড়া বিসিক প্রধান কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা মো. মেহেদী হাসান রেজা রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণের কয়েকটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়াও অভিজ্ঞ ও সফল উদ্যোক্তারা প্রশিক্ষক হিসেবে অংশ নেন।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যবসা পরিচালনা ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি নতুন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখার পাশাপাশি পণ্যের প্রচার ও বাজারজাতকরণে ডিজিটাল মাধ্যম ব্যবহারের পরামর্শ দেন।
প্রশিক্ষণে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, হিসাব সংরক্ষণ, বিপণন কৌশল এবং সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলবেন। এর ফলে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতির বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।