
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান মুন্সীগঞ্জে মাদকবিরোধী সভা
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে মুন্সীগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, মুন্সীগঞ্জের উদ্যোগে সদর উপজেলার সিপাহীপাড়ায় মিরকাদীম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।বিদ্যালয় কর্তৃপক্ষ এতে সহযোগিতা করে।আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক দীপজয় খীসা।এ সময় বিদ্যালয়ের মনোনীত মেন্টর ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহ প্রভাব ব্যক্তি,পরিবার ও সমাজজীবনে মারাত্মক ক্ষতি ডেকে আনে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ঝুঁকি থেকে দূরে রাখতে পরিবার,শিক্ষক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে সচেতনতা গড়ে তুলতে হবে।আলোচনায় শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে ধূমপান থেকে বিরত থাকা,খারাপ সঙ্গ পরিহার করা এবং সুস্থ ও সুন্দর জীবন গঠনে সচেতন থাকার আহ্বান জানানো হয়।সভা শেষে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।
পাশাপাশি মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ হিসেবে স্কেল ও সচেতনতামূলক লিফলেট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী এ সচেতনতামূলক আলোচনা সভায় অংশ নেয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।