
*দুর্গম পাহাড়ে সুপেয় জলের নবদিগন্ত, আলীকদমের ৩২ পাড়ায় সেনাবাহিনীর মানবিক অবকাঠামোগত উদ্যোগ*
মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
দুর্গম পাহাড়ের বন্ধুর ভূপ্রকৃতি, দীর্ঘদিনের জলসংকট আর নিত্যদিনের শ্রমসাধ্য পানি সংগ্রহের দুর্ভোগ লাঘবে বান্দরবানের আলীকদমে বাস্তবায়িত হয়েছে এক মানবিক ও জনকল্যাণমুখী উদ্যোগ।
উপজেলার থিংকুপাড়াসহ ৩২টি প্রত্যন্ত পাহাড়ি পাড়ায় নিরাপদ সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে পাহাড়ি জনপদে মৌলিক নাগরিক সুবিধা সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) থিংকুপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম, এনডিসি, পিএসসি।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের প্রকৌশলগত পরিকল্পনা ও বাস্তবায়নে গড়ে ওঠা এ প্রকল্পের আওতায় পাহাড়ি ঝিরি থেকে ৯ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে।
আটটি পানি সরবরাহ আউটলেটের মাধ্যমে থিংকুপাড়াসহ ৩২টি দুর্গম পাহাড়ি পাড়ার বাসিন্দাদের জন্য সুপেয় পানির সংস্থান করা হয়েছে।
দুর্গম পাহাড়ি জনপদে পানির সন্ধানে প্রতিদিনের ক্লান্তিকর পথপরিক্রমা, শ্রমঘন পানি সংগ্রহ এবং দীর্ঘদিনের অবকাঠামোগত বঞ্চনা নিরসনে প্রকল্পটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠদের পানি সংগ্রহজনিত শারীরিক শ্রম ও সময়ের অপচয় হ্রাসের পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।
নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হলে পানিবাহিত রোগের ঝুঁকি প্রশমন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রত্যন্ত জনগোষ্ঠীর জীবনমানের ইতিবাচক রূপান্তর ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাহাড়ের প্রতিকূল ভৌগোলিক বাস্তবতা অতিক্রম করে প্রকৌশলগত সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও জনকল্যাণমূলক দায়বদ্ধতার সমন্বয়ে বাস্তবায়িত এ উদ্যোগ দুর্গম জনপদে মৌলিক সেবাপ্রাপ্তির বৈষম্য হ্রাসে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।