
আবু সায়েম (সাগর) লক্ষীপুর:
লক্ষ্মীপুরের রায়পুর চরবংশীতে দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, হুমকি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের সাবেক কৃষকদল নেতা জিএম শামীম গাজী দাবি করেন, আওয়ামী বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু কর্মীদের বাদ দিয়ে এক শ্রেণির হাইব্রিড ও সুবিধাভোগী চক্রের দাপটে তারা আজ স্বপরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ও ভয়ে দিন কাটাচ্ছেন।
সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামীম গাজী অভিযোগ করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি প্রভাবশালী চক্র তাদের সশস্ত্র বাহিনী গড়ে তুলে পুরো ইউনিয়নজুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিএনপির রাজনীতিতে অতীতে যাদের কোনো অবদান বা উপস্থিতিই ছিল না, তারাই এখন দলের নাম ভাঙিয়ে এবং পুরোনো সুবিধাবাদীদের পুনর্বাসিত করে ত্যাগী কর্মীদের ওপর চরম দমন-পীড়ন চালাচ্ছে।
নিজের রাজনৈতিক জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে এই সাবেক কৃষকদল নেতা জানান, বিগত ১৩ বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে তাকে অন্তত ১৫ থেকে ২০টি মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে। বারংবার শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিনযাবৎ ঘরছাড়াও থাকতে হয়েছে তাকে। কিন্তু ৫ আগস্টের পর পরিস্থিতির পরিবর্তন হবে একবুক আশা করলেও বাস্তবে তার জীবন ও পরিবারের নিরাপত্তা আরও বেশি হুমকির মুখে পড়েছে।
ব্যবসায়িক ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আনুমানিক ২০-২২ লাখ টাকার মালামাল, গুরুত্বপূর্ণ নগদ বাকি হিসাবের খাতা ও কাগজপত্র লুট করা হয়েছে। কোথাও আগুন দেওয়া হয়েছে, কোথাও ভাঙচুর চালিয়ে ফার্মেসিতে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছে। এমনকি আমার মূল্যবান কাগজপত্র ভর্তি একটি বাক্স নদীতে ফেলে দেওয়া হয়েছে।
অভিযোগের মাত্রা বাড়িয়ে শামীম গাজী দাবি করেন, নিজ দল ক্ষমতায় থাকা সত্ত্বেও এই অস্ত্রধারী ও প্রভাবশালী চক্রের লাগাতার ভয়ভীতি ও নির্যাতনের কারণে আমাদের ইউনিয়নের প্রায় দুই হাজার নেতাকর্মী বর্তমানে এলাকা ছাড়া থাকতে বাধ্য হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়েও বেশ কয়েকজন কর্মীকে প্রকাশ্যে মারধর এবং গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে।
এর আগে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হলেও এখন পর্যন্ত কোনো সুষ্ঠ বিচার বা সুরাহা পাননি বলে জানান তিনি।
এ পরিস্থিতিতে ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নকে সন্ত্রাসী ও দখলদারদের হাত থেকে মুক্ত করতে তিনি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং রায়পুর উপজেলা বিএনপির ঊর্ধ্বতন নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি, এলাকায় নিরপেক্ষ পুলিশ ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে হামলা এবং অস্ত্র প্রদর্শনে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানান তিনি।