
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন।
আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।
যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিএনপি পৃথকভাবে আলোচনা সভা, র্যালি, সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে শহরের প্রধান সড়কগুলো জাতীয় পতাকায় সজ্জিত করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও ভবঘুরে আশ্রয়কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
সকালে শহরের কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়ামে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ার হোসেন মন্ডল, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ তুলে ধরে বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা ও সংকটময় পরিস্থিতিতে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ওই সময় বন্দিদশা থেকে জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হয়। পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠন এবং জাতীয় উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথাও তুলে ধরেন তাঁরা। বক্তাদের মতে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এদিকে দিবসটি উপলক্ষে দুপুর ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে ‘সার্বভৌমত্ব’ র্যালি বের করা হয়। জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অন্যদিকে বিকেল ৩টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে লাল ও সবুজ দলের অংশগ্রহণে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
দিনের কর্মসূচির শেষপর্বে সন্ধ্যায় পৌর অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিবসটি ঘিরে জেলা প্রশাসন ও জেলা বিএনপির পৃথক কর্মসূচিতে দিনব্যাপী কুড়িগ্রাম শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।