
নান্দাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির আলোচনা সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকেল ৪টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সভাস্থলে প্রবেশ করেন। এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নামে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। একপর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতাকর্মী আশপাশের সড়কেও অবস্থান নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন—ডিসেম্বর কেন, এখনই চলে আসুক। বাংলাদেশের আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করবেন না।
তিনি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান লিটন, বাবু পল্লব রায়সহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।