
আরিফুল ইসলাম, সাতক্ষীরা।
“করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সাতক্ষীরার তালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন ও র্যালি শেষে তালা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সমবায় পরিদর্শক রামেন্দু বাছাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলিম উদ্দিন ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন। উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃনাল কান্তি রায়, তালা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য ও কর্মকর্তা তারেক ইমাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, তালা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইমান উদ্দিন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, যুব জামায়াতের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহিদুর রহমান, পাটকেলঘাটা সমবায় সমিতির উপদেষ্টা ইমন আলী, সমবায় সমিতির সাবেক সভাপতি দিবস ঘোষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র পুঁজি, শ্রম ও মেধাকে একত্রিত করে মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হলে সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে পরিচালনা করতে হবে। সমবায়ের মাধ্যমে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক বৈষম্য কমিয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য সমবায় সমিতির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সরকারি-বেসরকারি উদ্যোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।