
নার্গিস আক্তার জেলা প্রতিনিধি
(ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলিয়াবাদ চৌরাস্তার মোড় এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে আলিয়াবাদ চৌরাস্তার মোড়ে পৌঁছালে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ওই কলেজছাত্রী মারাত্মকভাবে আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পরিবারের লিখিত আবেদনের ওপর ভিত্তি করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হৃদয়বিদারক এ ঘটনায় নিহত কলেজছাত্রীর পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনাপ্রবণ আলিয়াবাদ চৌরাস্তার মোড়ে গতিরোধক বসানোর দাবি জানিয়েছেন।