
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ছয়টি পরিবহনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
রোববার (৮ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার সংলগ্ন খন্দকার নুরুমিয়া বাইপাস সড়কে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প’-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ছয়টি পরিবহনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়। পাশাপাশি আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছা. জান্নাতুল সুলতানা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়।