
মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ, নওগাঁ জেলা প্রতিনিধি:
শীতের আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। শীতের সৌন্দর্য বাড়াতে এসব পাখির আগমন ঘটলেও তাদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠতে পারছে না জলাশয়গুলো। একশ্রেণির অসাধু শিকারির দৌরাত্ম্যে গ্যাস বড়ি ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে অবাধে চলছে অতিথি ও দেশীয় পাখি নিধন। শিকার করা পাখি পরে স্থানীয় হাট-বাজারে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিতপুর ইউনিয়নের বিভিন্ন বিল ও জলাশয়ে দিনের পাশাপাশি রাতের আঁধারেও চলছে পাখি শিকার। এ কাজে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। নিষিদ্ধ ও ক্ষতিকর পদ্ধতিতে পাখি শিকারের কারণে প্রতিনিয়ত কমছে বিভিন্ন প্রজাতির পাখির সংখ্যা।
সোমবার সকালে নিতপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের উত্তর পাশে এবং কালু ও বেলালের ইটভাটাসংলগ্ন বিল এলাকায় প্রকাশ্যে পাখি শিকারের দৃশ্য দেখা যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব এলাকায় বক, পানকৌড়ি, বালিহাঁস, চা-পাখিসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করা হচ্ছে। পরে শিকার করা পাখি স্থানীয় বাজারগুলোতে পাইকারি ও খুচরা দামে বিক্রি করা হয়।
অভিযোগ রয়েছে, শিকারিরা জলাশয়ের আশপাশে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে রাখার পাশাপাশি গ্যাস বড়ি ব্যবহার করে পাখি শিকার করছেন। এতে একদিকে যেমন অতিথি পাখির আগমন বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বিষক্রিয়া ও নির্বিচার শিকারের কারণে দেশীয় পাখিও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না; পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্বিচারে পাখি নিধন চলতে থাকলে এর বিরূপ প্রভাব পড়বে পুরো পরিবেশব্যবস্থার ওপর। শীত মৌসুমে অতিথি পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
এ বিষয়ে পোরশা উপজেলা ফরেস্ট কর্মকর্তা মতিয়ার রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, বিভিন্ন মামলার কারণে তাঁকে প্রায়ই আদালতের কাজে ব্যস্ত থাকতে হয়। ফলে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান তিনি।
এদিকে পাখি শিকারের এমন অবাধ তৎপরতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও প্রকৃতিপ্রেমীরা। তাঁদের প্রশ্ন, প্রকাশ্যে পাখি শিকার ও বাজারে বিক্রির অভিযোগ থাকা সত্ত্বেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?
তাঁরা অবিলম্বে পোরশার বিভিন্ন বিল ও জলাশয়ে অভিযান পরিচালনা, পাখি শিকারিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পাখি বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শীত মৌসুমে অতিথি পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে বন বিভাগ, বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ কামনা করেছেন।
প্রকৃতির এই অতিথিদের রক্ষা করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। এখনই পাখি শিকার বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে একসময় এসব জলাশয় হারাতে পারে তাদের চিরচেনা পাখির কলরব।