
মেহেদী হাসান খোকা, নির্বাহী সম্পাদক প্রভাতী বাংলাদেশ
বরিশাল সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় ৩ জনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত করে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বরিশালকে।
মামলাটি হলো – সাইবার পিটিশন মামলা নং-৩১২/২০২৬ (বরিশাল), বাদী মাকসুদা আক্তার। সোমবার (০৯ নভেম্বর ২০২৬) সাইবার ট্রাইব্যুনাল বরিশালের বিচারক (জেলা ও দায়রা জজ) শরমিন জাহান এই আদেশ দেন।
আদেশে বলা হয়েছে,মামলায় মোট ৩ জন আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর ১৭, ১৮(১)(গ), ২২, ২৩, ২৫, ২৬, ২৯, ৩০ ও ৩১(১) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।গত ০৩-১১-২০২৬ খ্রি. তারিখে নালিশকারীর জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে।নালিশি দরখাস্ত ও কাগজপত্র পর্যালোচনা করে আদালত বলেন,আসামি মোঃ আশিক হাওলাদার,আফরোজা খানম নাসরিন ও মোঃ আহম্মেদ কবিরের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য প্রাথমিক তদন্ত প্রয়োজন মর্মে প্রতীয়মান হয়।
এজন্য CrPC এর ২০২ ধারা অনুযায়ী তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য পুলিশ সুপার,পিবিআই, বরিশালকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ০৪-০১-২০২৭ খ্রি. তারিখ তদন্ত প্রতিবেদন প্রাপ্তির জন্য ধার্য করা হয়েছে।
মামলার অভিযোগে যা বলা হয়েছে
মামলার নথি সূত্রে জানা গেছে, ছবি বিকৃত করে অপপ্রচার করার ঘটনায় বরিশাল মহানগর বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও ২ বিএনপি কর্মীর নামে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছেন ২২ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার। গত ৩ নভেম্বর বরিশাল বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার নথি সূত্রে জানা গেছে, মামলার বাদী মাকসুদা আক্তার এক সময়ে আসামি আশিক হাওলাদার ও আফরোজা খানম নাসরিনের সাথে একত্রে রাজনীতি করতেন। কিন্তু মাকসুদা তার সঙ্গ ত্যাগ করলে নাসরিনের নির্দেশে ১ নং আসামি আশিক হাওলাদার গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বাদী মাকসুদা আক্তারকে চরিত্রহীন বলে অভিযোগ করেন এবং ২ জন পুরুষের সাথে একত্রে ছবি সংযুক্ত করে লিফলেট তৈরি করে তা মানুষের কাছে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, আসামি আশিক,নাসরিন ও আহম্মেদ কবির তাদের নিজ নিজ নামীয় ফেসবুক আইডি থেকে তা সরাসরি প্রচার করেন ও বিভিন্ন আইডিতে প্রচার হওয়া ওই সাংবাদিক সম্মেলন শেয়ার করেন। এতে বাদী মাকসুদা আক্তার সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন মর্মে নালিশি মামলা দায়ের করেন।
সংশ্লিষ্ট আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে আলামত জব্দ ও সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়ে আগামী ০৪-০১-২০২৭ তারিখের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

কে এই আফরোজা খানম নাসরিন?
দলীয় সূত্রে জানা গেছে, আফরোজা খানম নাসরিন বিএনপি বরিশাল মহানগরের ১ নং যুগ্ম আহ্বায়ক।বরিশালের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দের অভিযোগ, এর আগেও তিনি বরিশাল মহানগরের বিভিন্ন সিনিয়র নেতাদের সাথে একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া বর্তমানে বরিশাল সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের সাথেও বিতর্কে জড়িয়ে যান বলে অভিযোগ উঠেছে।অভিযোগ অনুযায়ী, বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে মার্কেট করা নিয়ে সিটি প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধনকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়।
আরও অভিযোগ রয়েছে, বিএনপি বরিশাল মহানগর বা জেলার বিভিন্ন পর্যায়ের বাইরে গিয়ে তিনি একটি আলাদা রাজনৈতিক বলয় সৃষ্টির পাঁয়তারা করছেন বলে বরিশালের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ অভিযোগ করেছেন।
উপরে উল্লেখিত বিষয়গুলো আদালতের আদেশের অংশ নয়, এগুলো বিভিন্ন নেতৃবৃন্দের অভিযোগ হিসেবে পাওয়া গেছে। এ বিষয়ে আফরোজা খানম নাসরিনের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টরা নির্দোষ বলে বিবেচিত হবেন।