
রাজশাহী ব্যুরো
রাজশাহীর চারঘাট উপজেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচনায় আসা তহশিলদার আনন্দ কুমার দাসের বিরুদ্ধে এবার নতুন কর্মস্থল গোদাগাড়ীতেও একের পর এক অভিযোগ উঠেছে। বাসুদেবপুর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে অফিস সহায়কদের ব্যবহার করে ঘুষ লেনদেন, সেবাগ্রহীতাদের হয়রানি এবং সিন্ডিকেটের মাধ্যমে কার্যক্রম পরিচালনার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। শুধু তাই নয়, গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এবং হেড অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধেও জমির হোল্ডিং পুনরায় চালু করার শর্তে পাঁচ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর উপজেলার ভূমি অফিসগুলোর কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও একাধিক ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আনন্দ কুমার দাস বাসুদেবপুর ইউনিয়ন ভূমি অফিসে এবং তহশিলদার ইসরায়েল গোদাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব গ্রহণের পর থেকেই ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা পেতে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। নামজারি বা মিউটেশন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, পর্চা উত্তোলন এবং জমির রেকর্ড সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে গিয়ে সেবাগ্রহীতাদের নানা ধরনের জটিলতা ও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী সেবা পাওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ছাড়া কাজ এগোয় না।
অভিযোগ রয়েছে, তহশিলদার আনন্দ কুমার দাস সরাসরি অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত না থেকে অফিসের সহায়কদের মাধ্যমে পুরো প্রক্রিয়া পরিচালনা করেন। ভূমি অফিসে বিভিন্ন সেবা নিতে আসা ব্যক্তিদের প্রথমে কাজের জটিলতা ও নানা সমস্যার কথা জানানো হয়। পরে তাঁদের অফিস সহায়কদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত অঙ্কের টাকা পরিশোধের পরই সংশ্লিষ্ট ফাইলের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়। এভাবে অফিসের ভেতরে একটি মধ্যস্থতাকারী চক্র কাজ করছে বলে দাবি করেছেন কয়েকজন সেবাগ্রহীতা।
এর আগেও চারঘাট উপজেলায় কর্মরত থাকার সময় আনন্দ কুমার দাসের বিরুদ্ধে জমির জাল দলিল তৈরি, জটিলতাপূর্ণ জমির হোল্ডিং খোলা এবং ভিপি বা অর্পিত সম্পত্তির নথিপত্রে কারসাজির মতো গুরুতর অভিযোগ উঠেছিল। চারঘাটের সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই গোদাগাড়ীতে তাঁর বিরুদ্ধে একই ধরনের অনিয়মের অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, নতুন কর্মস্থলেও আগের পদ্ধতিতে কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ছাড়া গোদাগাড়ী উপজেলায় সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় দেওয়ার সুবিধা করে দেওয়া এবং বাবুডাংগা নামক স্থানে একটি রিসোর্টের জন্য জমি বরাদ্দের ক্ষেত্রেও আনন্দ কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
নামজারিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের নামজারি কার্যক্রম নিয়েও একাধিক অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন সেবাগ্রহীতা জানান, এসিল্যান্ড কার্যালয়ে নামজারির আবেদন জমা দেওয়ার পর অতিরিক্ত ১ হাজার ৭০০ টাকা না দিলে ফাইলের কার্যক্রম আটকে থাকে। অথচ মহুরি কিংবা দালালদের মাধ্যমে প্রায় ৭ হাজার টাকা খরচ করলে একই কাজ তুলনামূলক দ্রুত সম্পন্ন করা সম্ভব হচ্ছে বলে তাঁর অভিযোগ।
ওই সেবাগ্রহীতার দাবি, সরকারি নির্ধারিত ফি জমা দিয়ে নিয়ম অনুযায়ী আবেদন করলেও অনেক সময় মাসের পর মাস অপেক্ষা করতে হয়। অন্যদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয় করলে দ্রুত আবেদন নিষ্পত্তি হচ্ছে। নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে নামজারির কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা থাকলেও অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে আবেদন দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, এসিল্যান্ডের অনলাইন আইডিতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকা আবেদনগুলো যাচাই করলেই এসব অভিযোগের বাস্তবতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ভূমি অফিসের এমন কার্যক্রমে সাধারণ সেবাগ্রহীতারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও দাবি তাঁর।
তহশিলদার ইসরায়েলের বিরুদ্ধেও অর্থ দাবির অভিযোগ
গোদাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ইসরায়েলের বিরুদ্ধেও সেবাগ্রহীতাদের হয়রানি ও অর্থ দাবির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা আল মামুন জানান, জমির নামজারি সংক্রান্ত একটি প্রস্তাবের বিষয়ে তিনি হাটপাড়া ভূমি অফিসে যান। সেখানে প্রয়োজনীয় কাজের জন্য তহশিলদার ইসরায়েল তাঁর কাছে ৪০০ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।
আল মামুনের ভাষ্য অনুযায়ী, প্রথমে তিনি দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানান। এরপর তাঁর ফাইলের কার্যক্রম দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়। পরে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাঁকে ওই ৪০০ টাকা দিতে হয়েছে।
এ বিষয়ে তহশিলদার ইসরায়েলের বক্তব্য জানতে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। ফলে এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
জমির হোল্ডিং চালু করতে পাঁচ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
এদিকে গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসকে কেন্দ্র করে আরও একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। বাসুদেবপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম জমির হোল্ডিংয়ের কার্যক্রম পুনরায় চালু করার বিনিময়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ এনে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন।
গত ২৫ অক্টোবর জমা দেওয়া ওই অভিযোগে গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী এবং ভূমি অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট শাহিনুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, জমির হোল্ডিং পুনরায় চালু করে দেওয়ার কথা বলে তাঁদের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে।
অভিযোগপত্রে আরিফুল ইসলাম উল্লেখ করেন, তাঁর বাবা আবুল কাশেম ১৯৭৭ সালে আদালতে মামলা করে সংশ্লিষ্ট জমির পক্ষে ডিক্রি লাভ করেন। পরবর্তী সময়ে গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের মাধ্যমে ওই জমির খতিয়ান অনুমোদন করা হয়। জমিটি উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের নলিগ্রাম মৌজায় অবস্থিত। মোট ১১টি দাগে জমির পরিমাণ ৪ দশমিক ৭৫ একর। জমিটির হোল্ডিং নম্বর ২৪০।
অভিযোগকারীর দাবি, ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত ওই জমির ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করা হয়েছে। কিন্তু বর্তমান সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব গ্রহণের পর গত ১ অক্টোবর হোল্ডিংটির কার্যক্রম স্থগিত করা হয়। এ ক্ষেত্রে তাঁকে যথাযথ কোনো নোটিশ দেওয়া হয়নি এবং নিজের বক্তব্য উপস্থাপনের জন্য শুনানির সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন আরিফুল ইসলাম।
তিনি জানান, একটি বিবিধ মামলার অজুহাতে হোল্ডিংটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর ফলে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগও বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে চালু থাকা এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হোল্ডিংয়ের কার্যক্রম এভাবে স্থগিত করায় তিনি সমস্যার মুখে পড়েন।
আরিফুল ইসলামের আরও অভিযোগ, হোল্ডিংয়ের কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে যোগাযোগ করলে ভূমি অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট শাহিনুর রহমান তাঁকে কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে হোল্ডিং পুনর্বহালের বিনিময়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে হোল্ডিংয়ের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় প্রতিকার চেয়ে আরিফুল ইসলাম শুধু বিভাগীয় কমিশনারের কাছেই অভিযোগ জমা দেননি; অভিযোগের অনুলিপি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, রাজশাহী জেলা প্রশাসক এবং গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠিয়েছেন। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে যা বললেন সংশ্লিষ্টরা
গোদাগাড়ী ভূমি অফিসকে ঘিরে ওঠা এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তহশিলদার আনন্দ কুমার দাস তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “সব অভিযোগ মিথ্যা। আমরা এ বিষয়ে বক্তব্য দিতে পারব না, আপনারা এসিল্যান্ড স্যারের সঙ্গে কথা বলুন।”
অন্যদিকে, পাঁচ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট শাহিনুর রহমান। তিনি জানান, মাত্র দুই মাস আগে তিনি গোদাগাড়ীতে যোগদান করেছেন। অভিযোগকারী আরিফুল ইসলামকে তিনি চেনেন না বলেও দাবি করেন।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী বলেন, অভিযোগে উল্লেখ করা জমিটি সরকারি খাসজমি এবং সর্বশেষ আরএস রেকর্ডেও জমিটি সরকারের নামে রেকর্ডভুক্ত রয়েছে। জমিটি নিয়ে আদালতে আইনি বিরোধ চলমান থাকায় অবৈধভাবে হস্তান্তর ঠেকানোর স্বার্থে হোল্ডিংয়ের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, হোল্ডিংটি বাতিল বা খারিজ করা হয়নি; কেবল এর কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ দাবির যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
ভূমি অফিসের সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি
গোদাগাড়ী উপজেলার ভূমি অফিসগুলোকে ঘিরে একের পর এক অনিয়ম, ঘুষ দাবি, ফাইল আটকে রাখা এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ সামনে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের আর্থিক চাপ কিংবা অযৌক্তিক হয়রানির শিকার না হন, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
তাঁদের মতে, ভূমি অফিস সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি সেবাপ্রতিষ্ঠান। জমির মালিকানা, নামজারি, খাজনা পরিশোধ, খতিয়ান ও রেকর্ড সংশোধনের মতো প্রয়োজনীয় কাজের জন্য প্রতিদিন অসংখ্য মানুষ এসব কার্যালয়ে আসেন। সেখানে যদি সেবা পেতে অতিরিক্ত অর্থ দিতে হয় কিংবা মধ্যস্থতাকারীদের দ্বারস্থ হতে হয়, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
স্থানীয়দের দাবি, তহশিলদার আনন্দ কুমার দাসের বিরুদ্ধে চারঘাটে দায়িত্ব পালনকালীন ওঠা অভিযোগ এবং গোদাগাড়ীতে নতুন করে সামনে আসা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে তহশিলদার ইসরায়েলের বিরুদ্ধে ওঠা অর্থ দাবির অভিযোগ, নামজারি কার্যক্রমে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ এবং পাঁচ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
বিশেষ করে নলিগ্রাম মৌজার ৪ দশমিক ৭৫ একর জমির হোল্ডিং নম্বর ২৪০-এর কার্যক্রম স্থগিত করার পেছনে কী কারণ ছিল, সংশ্লিষ্ট নথিপত্র ও আদেশ যথাযথ নিয়মে সম্পন্ন হয়েছিল কি না এবং অভিযোগে উল্লেখ করা অর্থ দাবির বিষয়ে কোনো সত্যতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি উঠেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভূমি অফিসে দালালনির্ভরতা বন্ধ, সরকারি ফি অনুযায়ী সেবা প্রদান, আবেদন নিষ্পত্তিতে নির্ধারিত সময়সীমা অনুসরণ এবং প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করা হবে।
সাধারণ মানুষের জমিজমা সংক্রান্ত অধিকার ও সরকারি সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করতে গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।