
আবু বকর সিদ্দিক: মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে র্যাব-১০ (এসআরবি-১০)। এ ঘটনায় চোরাচালান চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।বুধবার (১১ নভেম্বর) দুপুরে এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০,সিপিসি-২,শ্রীনগর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত (১১ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।
এ সময় পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল উদ্ধার করা হয়।উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।এ ঘটনায় কাভার্ড ভ্যানে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের সাজ্জাদ হোসেন (২৮) এবং একই জেলার কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)।এসআরবি-১০ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ভারতীয় পণ্য দেশে নিয়ে আসার কথা স্বীকার করেছেন।
পরে এসব পণ্য কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করতেন বলে জানান তারা।অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে। উদ্ধার করা ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।