
রুহুল আমিন,ভ্রাম্যমাণ প্রতিনিধি
সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা এবং জীবনমান উন্নয়নে জাতীয় সংসদে তাদের কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘সর্বদলীয় সংসদীয় ককাস (প্ল্যাটফর্ম)’।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এই ককাসের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ককাসের অন্যতম সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এখনো নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক ও কাঠামোগত বৈষম্যের মুখোমুখি। এসব জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, সমান সুযোগ নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
তাঁরা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে একটি অভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা, দাবি ও প্রত্যাশা জাতীয় সংসদে তুলে ধরতে এই ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং তাদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, জাতীয় সংসদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও অধিকার প্রতিষ্ঠায় সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের উদ্যোগ নিয়ে এর আগে স্পিকারের সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিদের আলোচনা হয়েছিল। ওই আলোচনায় স্পিকার প্রস্তাবটিকে স্বাগত জানান এবং সংসদীয় প্রক্রিয়ায় তা বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই সংসদীয় প্ল্যাটফর্ম রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।