
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর পৌরসভার মালিকানাধীন পুকুরগুলো দখলমুক্ত, সংস্কার ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশ উন্নয়ন ফোরাম ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এ সময় শহরের ঐতিহ্যবাহী পুকুরসহ নদী-নালা ও জলাশয় রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শহরের ঐতিহ্যবাহী চকবাজার কাঠপট্টি ও চকবাজারের দুটি পুকুর সংস্কার, দৃষ্টিনন্দন ঘাট নির্মাণ এবং পুকুরের চারপাশে সবুজায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে শহরের নদী-নালা ও জলাশয় সংস্কার, আবর্জনা পরিষ্কার, যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ এবং ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, ফরিদপুর শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঐতিহ্য সংরক্ষণে এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা জরুরি। পরিকল্পিতভাবে পুকুর সংস্কার, দৃষ্টিনন্দন ঘাট নির্মাণ ও বৃক্ষরোপণ করা হলে শহরের প্রাকৃতিক পরিবেশের উন্নয়নের পাশাপাশি ঐতিহ্যবাহী জলাশয়গুলোও নতুন প্রাণ ফিরে পাবে।
তারা আরও বলেন, জলাশয় দখল ও দূষণমুক্ত রাখা শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, পরিবেশ উন্নয়ন ফোরামের সহসভাপতি তৌহিদুল ইসলাম স্ট্যালিন, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, রেহেনা পিয়া, অধ্যাপক লোকমান হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ ও অধ্যাপক শরিক জাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা কমিটির সদস্য ইরা নাহার, দিবা, রুমা তাহেরা, চরভদ্রাসনের কবির হোসেন, সাংবাদিক বেলায়েত হোসেন লিটন, ইয়াকুব আলী তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে ফরিদপুর পৌরসভার ঐতিহ্যবাহী পুকুরগুলো দখলমুক্ত করে দ্রুত সংস্কার ও সংরক্ষণের মাধ্যমে শহরের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।