
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় ঈশ্বরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা নির্বাচন কমিশনার মাওলানা বদরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংগঠনিক দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ আমানত। এই দায়িত্বকে কোনো পদমর্যাদা বা সম্মানের বিষয় হিসেবে নয়, বরং জবাবদিহির বিষয় হিসেবে গ্রহণ করতে হবে।”
তিনি আরও বলেন, প্রত্যেক রুকনকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সততা, নিষ্ঠা, তাকওয়া ও আমানতদারির সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি দায়িত্ব পালনে যেকোনো ধরনের অবহেলা পরিহার করে সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও আদর্শিক দৃঢ়তা অটুট রাখার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহর সভাপতিত্বে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ তানহার আলীর সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক অধ্যক্ষ আলমগীর কবির, প্রচার ও মিডিয়া সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি এম এইচ মাজহারুল ইসলাম এবং ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মোস্তফা কামালসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকনবৃন্দ।
সম্মেলনে আগামী দিনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের আদর্শিক মানোন্নয়ন এবং দায়িত্বশীলদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।