
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে প্রতিদান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার আয়োজন করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করা হয়। পরে সমিতির ডুলাহাজারা ও হারবাং শাখার ব্যবস্থাপকরা ফুল দিয়ে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি লায়ন জ্যোতিষ ভাস্কর এস. কে. আচার্য। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক বাবু এস. তরুণ চন্দ্র শীল।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিদান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ নির্বাহী পরিচালক বাবু সুভাষ রুদ্র, অডিট অফিসার , বাবু সারদা রুদ্র, সদস্য বাবু রণধীর রুদ্রসহ সমিতির ডুলাহাজারা ও হারবাং কার্যালয়ের ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা সমিতির দীর্ঘ ১৩ বছরের পথচলা, সাফল্য, অগ্রগতি, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, সদস্যদের আস্থা, বিশ্বাস ও সম্মিলিত প্রচেষ্টাই একটি সমবায় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রধান শক্তি। সমিতির কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের আর্থিক উন্নয়ন, স্বাবলম্বিতা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা সমিতির অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার আন্তরিকতা, শ্রম ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে সমিতির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
উল্লেখ্য, দীর্ঘ ১২ বছরের পথচলায় প্রতিদান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড সদস্যদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, প্রয়োজনের সময় আর্থিক সহযোগিতা প্রদান এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত প্রতিষ্ঠানটি সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমিতির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সদস্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান:
“আস্থার বন্ধনে, সমৃদ্ধির পথে—প্রতিদান এগিয়ে চলুক দুর্বার গতিতে।”