
দেবাশীষ চাকমা, খাগড়াছড়ি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শহর ও বিভিন্ন এলাকায় যানজট নিরসন, মাদকদ্রব্যের বিস্তার রোধ, চুরি প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন চুরি প্রতিরোধে পুলিশের নজরদারি আরও বাড়ানোর ওপর জোর দেন। এ লক্ষ্যে জেলার প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আবাসিক ও বাণিজ্যিক এলাকায় রাতের বেলায় বিশেষ পুলিশি টহল বাড়ানোর নির্দেশনা দেন তিনি।
তিনি অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয় সভায়।