
হারাধন চক্রবর্তী, মিরসরাই,
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে চালকদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মীরসরাই থানা পুলিশ। এ উপলক্ষে বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।
প্রচারণাকালে মহাসড়কে চলাচলের সময় চালকদের সতর্ক থাকার পাশাপাশি অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা, সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন সম্পর্কে পুলিশকে অবহিত করা এবং যেকোনো বিপদে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
মহাসড়কে যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।