
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার।
মোঃ কামাল হোসাইন ফয়সাল
পটুয়াখালী
জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাঃ ইসরাত জাহান জুথি (বয়স ১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের নিজ বাড়ির পাশের একটি পানের বরজ সংলগ্ন শুকনো ডোবা থেকে ইসরাত জাহান জুথির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসরাত জাহান জুথি ওই গ্রামের মোঃ জামাল হাওলাদারের মেয়ে। জুথি সুবিদখালী র/ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে স্কুলে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয় জুথি। কিন্ত নির্ধারিত সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজখবর নিতে শুরু করেন। বিকেল আনুমানিক ৪টা দিকে তার মা সুবিদখালী বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের ও শিক্ষার্থীদের কাছে খোঁজ নেন। এ সময় তাঁরা জানান, সেদিন জুথি পরীক্ষা দিতে বিদ্যালয়ে আসেনি।
পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মির্জাগঞ্জ থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডাইরি করেন।
নিহত জুথির বাবা মোঃ জামাল হাওলাদার জানান, নিখোঁজের পর প্রথমে বাড়ির পাশের এক নারী জুথির জুতা খুঁজে পান। বৃহস্পতিবার সকালে ওই নারীকে সঙ্গে নিয়ে তিনি জুতা পাওয়ার স্থানটি শনাক্ত করতে যান। সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানের বরজের পাশে একটি শুকনো ডোবার মধ্যে জুথির মরদেহ পড়ে থাকতে দেখেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।