
সৈকত চৌধুরী, জেলা প্রতিনিধি, নেত্রকোনা।
নেত্রকোনা জেলার বারহাট্টা ও মোহনগঞ্জ উপজেলায় হাওর অঞ্চলের উন্নয়ন প্রকল্পের সংশোধিত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক (উপসচিব) জনাব পঙ্কজ ঘোষ।
পরিদর্শনকালে তিনি হাওর অঞ্চলের চলমান ও সংশোধিত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়নের অগ্রগতি এবং প্রকল্পের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি প্রকল্পের কাজের মান ও বাস্তবায়ন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনকারী স্থানীয় খামারিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। খামারিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অভিজ্ঞতার কথা শোনেন। পাশাপাশি হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, খামার সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে উন্নয়নমূলক আলোচনা করেন।
তিনি হাওর অঞ্চলের স্থানীয় খামারিদের জীবনমান উন্নয়ন, প্রাণিসম্পদ খাতের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে খোঁজখবর নেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনাব দীপক কুমার (পিডি) এবং বারহাট্টা উপজেলা পানি সম্পদ কর্মকর্তা জনাব মোমেনুল হক।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং হাওর অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।