
আফজাল হোসেন শুভ
রান্নার স্বাদ বাড়াতে প্রতিদিন যে মসলা ব্যবহার করছেন, সেই মসলাতেই যদি মেশানো থাকে পচা মরিচ, ক্ষতিকর রাসায়নিক রং কিংবা কাঠের গুঁড়া—তাহলে বিষয়টি কতটা ভয়াবহ হতে পারে! জামালপুরের নান্দিনায় ভেজাল মসলা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উঠে এসেছে এমনই উদ্বেগজনক চিত্র। এ ঘটনায় চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং তিনটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) নান্দিনা এলাকার বিভিন্ন মসলা তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কারখানাগুলোতে মসলা উৎপাদনের নামে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। মরিচের গুঁড়া তৈরিতে ব্যবহার করা হচ্ছিল পচা ও উচ্ছিষ্ট মরিচ। মরিচের গুঁড়ার সঙ্গে মেশানো হচ্ছিল ইন্ডাস্ট্রিয়াল রং। শুধু তাই নয়, ধনিয়ার গুঁড়ায়ও মেশানো হচ্ছিল কাঠের গুঁড়া।
এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল বলে অভিযানে উঠে আসে।
অভিযানে অপরাধের দায়ে চারজনকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় জব্দ করা ভেজাল মসলা ও অন্যান্য আলামত বিধি অনুযায়ী আগুনে পুড়িয়ে এবং মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।
ভেজাল খাদ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান জরুরি
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ভেজাল মেশানোর ঘটনা শুধু ভোক্তাদের সঙ্গে প্রতারণা নয়, এটি জনস্বাস্থ্যের জন্যও গুরুতর উদ্বেগের বিষয়। বিশেষ করে মসলা তৈরিতে পচা উপাদান ও ক্ষতিকর রং ব্যবহারের মতো ঘটনা খাদ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সচেতন নাগরিকদের প্রত্যাশা, খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সঙ্গে বাজারে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর নজরদারি নিশ্চিত করা হবে।
প্রশাসনের পক্ষ থেকেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। ভেজালমুক্ত খাদ্য মানুষের অধিকার। জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যে ভেজালের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।