
মোঃ ইকবাল হোসেন, শিবপুর,নরসিংদী।
নরসিংদীর পলাশ উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে পলাশ উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
পলাশ উপজেলা সমবায় কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বিরাম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল এবং উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায় আন্দোলন শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে ঐক্য, সম্প্রীতি, সহযোগিতা ও পারস্পরিক আস্থার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে সমবায় খাতের সম্ভাবনা অত্যন্ত ব্যাপক। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
বক্তারা আরও বলেন, সমাজে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা, বেকারত্ব দূরীকরণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সমবায় কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করা প্রয়োজন। এ ক্ষেত্রে সমবায় সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি, সততা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তাদের মতে, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্যবদ্ধ উদ্যোগ। একজনের একার পক্ষে যে কাজ করা কঠিন, সম্মিলিত প্রচেষ্টায় তা সহজেই বাস্তবায়ন করা সম্ভব। তাই দেশের সামগ্রিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা সমবায়ীদের উদ্দেশে বলেন, শুধু সমিতি গঠন করলেই হবে না, সমবায়ের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করে আধুনিক, দক্ষ ও উৎপাদনমুখী সমবায় ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভায় জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সমবায় খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমবায় খাতে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সফল সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিরা সম্মাননাপ্রাপ্ত সমবায়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও সমবায় আন্দোলনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংশ্লিষ্টদের মতে, জাতীয় সমবায় দিবসের এ আয়োজন সমবায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও উৎসাহ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে ইতিবাচক ভূমিকা রাখবে।