
বগুড়ায় অটোরিকশা নিয়ন্ত্রণের দাবিতে সিটি প্রশাসককে স্মারকলিপি প্রদান।
জিহাদ কাজী
স্টাফ রিপোর্টার,বগুড়া
বগুড়া শহরে অন্য উপজেলা থেকে আসা অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ এবং শহরের অভ্যন্তরে চলাচলকারী প্রত্যেক অটোরিকশাচালকের পরিচয়পত্র বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বগুড়া সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন।
এ বিষয়ে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেছে সংগঠনটি।
আবেদনে সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়, বগুড়া শহরে বর্তমানে বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুলসংখ্যক অটোরিকশা প্রবেশ করে নিয়মিত যাত্রী পরিবহন করছে। এতে শহরের যানজট ও বিশৃঙ্খলা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয় অটোরিকশা ও রিকশা-ভ্যান শ্রমিকদের কর্মসংস্থান এবং আয়-রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ পরিস্থিতিতে জনস্বার্থে বগুড়া শহরের নির্ধারিত সীমানায় প্রবেশকারী অটোরিকশাগুলোর রেজিস্ট্রেশন, প্রয়োজনীয় কাগজপত্র, রুট পারমিট বা অনুমোদন এবং চলাচলের বৈধতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে শহরের অভ্যন্তরে যাত্রী পরিবহনকারী প্রত্যেক অটোরিকশাচালকের বৈধ পরিচয়পত্র থাকা এবং তা দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিচয়পত্রে চালকের নাম, ছবি, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর ও সংশ্লিষ্ট অটোরিকশার রেজিস্ট্রেশন নম্বর রাখার বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, বগুড়া সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে শহরের যানজট নিয়ন্ত্রণ এবং স্থানীয় শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক রাফিউল আলম, প্রচার সম্পাদক আপেল মাহমুদ, সড়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান, লুৎফর রহমান, বশির উদ্দিন।