
ইমরান খান, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন বাম হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার একটি সড়কের পাশ থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়কের পাশে মানুষের একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে বিচ্ছিন্ন বাম হাতের পাশাপাশি অদূরে বস্তাবন্দি অবস্থায় আরও দুটি পা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, জনবসতিপূর্ণ এলাকার সড়কের পাশে মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ পড়ে থাকার ঘটনায় তারা উদ্বিগ্ন। উদ্ধার হওয়া দেহাবশেষগুলো কার এবং কীভাবে সেখানে এসেছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করেছে। দেহাবশেষগুলো কার, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। সেগুলোর পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাবশেষের ফরেনসিক পরীক্ষার মাধ্যমে পরিচয় ও ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ ঘটনায় কোনো হত্যাকাণ্ড ঘটেছে কি না, কিংবা দেহাবশেষগুলো অন্য কোনো স্থান থেকে সেখানে আনা হয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।