
হারাধন চক্রবর্তী নিজস্ব প্রতিনিধি:
ব্র্যাক ইউনিভার্সিটির সিলভার জুবিলি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘দ্য স্টেজ–২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে আবৃত্তি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন চট্টগ্রামের মীরসরাইয়ের শিক্ষার্থী অরুন্ধতী চৌধুরী।
গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) ব্র্যাক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে এ কৃতিত্ব অর্জন করেন তিনি। কয়েক সপ্তাহের অডিশন, অনুশীলন ও প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে আবৃত্তি বিভাগের চূড়ান্ত পর্বে জায়গা করে নেন অরুন্ধতী। পরে চূড়ান্ত প্রতিযোগিতায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখে দ্বিতীয় স্থান অধিকার করেন।
অরুন্ধতী চৌধুরী মীরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের তুলাবাড়ীয়া গ্রামের মহাজন বাড়ির বাসিন্দা। তাঁর বাবা কংকর চৌধুরী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মা লাকী গুহ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
তিনি ব্র্যাক ইউনিভার্সিটির আর্কিটেকচার (Architecture) বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর আগ্রহ ও সম্পৃক্ততা রয়েছে।
ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি বা সিলভার জুবিলি উদযাপনের অংশ হিসেবে আয়োজিত ‘দ্য স্টেজ–২০২৬’ প্রতিযোগিতায় ১১টি বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আবৃত্তি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন অরুন্ধতী ও তাঁর পরিবারের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
তাঁর এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। মীরসরাইয়ের একজন শিক্ষার্থীর এমন অর্জন স্থানীয় তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা।
অরুন্ধতী চৌধুরীর এ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা তাঁর ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেছেন।