
মাদক ও অপরাধ দমনে অভিযান জোরদারের তাগিদ, শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, পাবলিক প্রসিকিউটর, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, প্রেসক্লাব সভাপতি, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ সময় জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মোবাইল কোর্টের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। জনস্বার্থে প্রত্যেক দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার বিষয়েও আলোচনা হয়।