
মানিকগঞ্জে জাসাসের মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সাইফুর রহমান | সিংগাইর, মানিকগঞ্জ
মানিকগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সৃজনশীল সংস্কৃতির নবজাগরণের ডাক’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক মোশাররফ হোসেন শিকদার। সঞ্চালনায় ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাস।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও মাজহারুল ইসলাম খান পায়েল।
এছাড়া জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ওহিদুল বিশ্বাস লোটাস, মনজুর আলম পালু, মোহাম্মদ নাঈম খান, সুজেল মিয়াসহ জেলা জাসাসের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌর জাসাসের সভাপতি আউলাদ হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউল হক শাওন, বিভিন্ন উপজেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পী ও লোকজ সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তাঁরা জেলার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্পীদের অধিকার, প্রতিভা বিকাশের সুযোগ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন একুশে পদকপ্রাপ্ত মানিকগঞ্জের মানিকখ্যাত লোকসংগীত ও জারিগানের প্রবীণ শিল্পী সাইদুর রহমান সাঈদ বয়াতি। শতবর্ষী এই শিল্পী অনুষ্ঠানে একটি ধুয়া গান পরিবেশন করেন। এ সময় তিনি বাউল গানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সামনের দিনে বাউল গানের চর্চা ও বিকাশের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত। লোকজ সংগীতের ঐতিহ্য ধরে রাখতে শিল্পীদের যথাযথ মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলেও তিনি মত প্রকাশ করেন।
এ সময় সিংগাইর উপজেলার পাঠশালা থিয়েটার থেকে আগত কথাসাহিত্যিক ও নাট্যকার খান মো. সবুর বলেন, মানিকগঞ্জের শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যথাযথ কার্যক্রম ও সহযোগিতা প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে হবে। শিল্পীরা অর্থের চেয়ে বেশি প্রত্যাশা করেন সম্মান ও যথাযথ মূল্যায়ন। তাঁদের প্রাপ্য সম্মানটুকু নিশ্চিত করতে না পারলে একসময় এই শিল্পীসমাজ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য সমাজের সৃজনশীল ও সংস্কৃতিমনা মানুষদের এগিয়ে আসতে হবে।
বক্তারা মফস্বলের প্রতিভাবান শিল্পীদের জন্য যথাযথ মঞ্চ, প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানিকগঞ্জের লোকজ সংস্কৃতি, বাউল গান, জারিগান ও স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।