
মিরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
হারাধন চক্রবর্তী
মিরসরাই প্রতিনিধি:
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমবায় সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাফাত ইবনে মোরশেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ সূত্রধর, সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের ভিত্তিতে একটি আত্মনির্ভরশীল সমাজ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে হলে সমবায়ের আদর্শ ও চেতনা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি উৎপাদনমুখী সমবায় কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।