
লৌহজংয়ে জ্বর-সর্দি-কাশির প্রকোপ হাসপাতাল ও ফার্মেসিতে রোগীর ভিড়
আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
ঋতু পরিবর্তনের প্রভাবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জ্বর,সর্দি,কাশিসহ ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ বেড়েছে।শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন এসব রোগে।ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,স্থানীয় চিকিৎসকদের চেম্বার ও বিভিন্ন বাজারের ওষুধের দোকানে বাড়ছে রোগীদের ভিড় দিনের বেলায় এখনো রোদের তীব্রতা ও গরমের অনুভূতি থাকলেও সন্ধ্যার পরপরই আবহাওয়ায় দেখা দিচ্ছে শীতের আমেজ।দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য এবং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে অনেকেই ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে,পরিবারের একাধিক সদস্য জ্বর,সর্দি ও কাশিতে আক্রান্ত হচ্ছেন।
বিশেষ করে শিশুদের নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।অসুস্থতা দেখা দেওয়ায় অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন।উপজেলার চন্দ্রের বাড়ি বাজারের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে আসা সুমন হোসেন বলেন,দিন দিন বয়স বাড়ছে,আর ঋতুগুলোও যেন বদলে যাচ্ছে।কখন কোন ঋতু আসে,বোঝা মুশকিল।গত দুই দিন ধরে জ্বর ও ঠান্ডায় ভুগছি। তাই ওষুধ নিতে ফার্মেসিতে এসেছি।একই বাজারে চিকিৎসকের কাছে সন্তানকে নিয়ে আসা ২৯ বছর বয়সী তানিয়া বলেন,হঠাৎ করেই ঠান্ডা ও কাশির সমস্যা দেখা দিয়েছে।তাই বাচ্চাকে নিয়ে চিকিৎসকের কাছে এসেছি।লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ঠান্ডাজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন রোগীরা।পাশাপাশি উপজেলার হলদিয়া,মাওয়া,কনকসারসহ বিভিন্ন এলাকার ফার্মেসিগুলোতেও রোগী ও তাঁদের স্বজনদের আনাগোনা বেড়েছে।
স্থানীয়দের ধারণা,আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণে বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে অসুস্থতার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।এ পরিস্থিতিতে পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সচেতন মহল।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী,জ্বর,সর্দি-কাশি দেখা দিলে অবহেলা না করে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।পর্যাপ্ত বিশ্রাম,পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিশুদের ঠান্ডা থেকে সুরক্ষিত রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।ঋতু পরিবর্তনের এই সময়ে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের যথাসময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।