
শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু, পাঠক-লেখকদের মিলনমেলা
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে ছড়িয়ে দেওয়া এবং পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের ডিসি উদ্যানে ফিতা কেটে এ বইমেলার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। উদ্বোধন শেষে তিনি মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে ভ্রাম্যমাণ দোকান ও সৌখিন পাঠক বুকশপের যৌথ পরিচালনায় এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম আলো, কবি হানজালা, কবি হাসান শরাফত ও সাংবাদিক কাজী মাসুমসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার লেখক, পাঠক ও শিক্ষার্থীরা।
মেলায় মোট ১০টি স্টলে দেশি-বিদেশি খ্যাতিমান লেখকদের গল্প, উপন্যাস, ছড়া-কবিতা, ভ্রমণকাহিনি, থ্রিলার ও অনুবাদগ্রন্থের পাশাপাশি শেরপুরের স্থানীয় লেখকদের বিভিন্ন বই স্থান পেয়েছে।
আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত পাঠক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।