
সীতাকুণ্ডে লরির ধাক্কায় মিরসরাইয়ের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ
নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম ::
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মিনিবাসে দ্রুতগতির লরির ধাক্কায় মাইশা (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ মিনিবাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (আইআইইউসি) প্রধান ফটকসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার বাসিন্দা। তিনি সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি কনটেইনারবাহী লরি বিশ্ববিদ্যালয়ের গেট এলাকা অতিক্রম করার সময় সামনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ উল্টো দিকে মোড় নেয়। প্রাইভেট কারটিকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকামুখী ৮ নম্বর পরিবহনের একটি মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কে উল্টে যায়।বাসের জন্য অপেক্ষারত দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বাসের নিচে চাপা পড়েন। পাশাপাশি বাসের ভেতরে থাকা ৮ থেকে ১০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা মনির চৌধুরী জানান, এ দুর্ঘটনায় তাঁদের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে মাইশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বেশ কয়েকজনকে চমেক হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে মাইশাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শফিউল ইসলাম শুভ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মহাসড়কে উল্টে যাওয়া লরি ও ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করেন। সার্জেন্ট শফিউল ইসলাম শুভ জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকামুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চট্টগ্রামমুখী সড়কেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
চট্টগ্রামের ডিসি-এসপির মধ্যস্থতায় শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।