
নিজস্ব প্রতিবেদক
দেশের এভিয়েশন খাতের উন্নয়নে আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের এভিয়েশন ও পর্যটন খাতকে আধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল উদ্বোধন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতার সঙ্গে বাটজা (বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন) নেতাদের এক সৌজন্য সাক্ষাৎকারে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়। মন্ত্রী বলেন, “থার্ড টার্মিনাল চালু হলে দেশের এভিয়েশন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমরা আন্তর্জাতিক যাত্রী পরিবহণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছি।
থার্ড টার্মিনালের বিশেষত্ব ও প্রস্তুতি বেবিচকের তথ্যানুযায়ী, এই টার্মিনালে ২৬টি বোর্ডিং ব্রিজ থাকবে, যার মধ্যে প্রথম ধাপে ১২টি চালু করা হবে। বহির্গমনের জন্য ১৫টি সেলফ সার্ভিস চেকইন কাউন্টারসহ মোট ১১৫টি চেকইন কাউন্টার থাকবে। এছাড়া ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ থাকবে ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টার। গাড়ি পার্কিংয়ের জন্য থার্ড টার্মিনালের সঙ্গে মাল্টিলেভেল কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে, যেখানে ১,৩৫০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বর্তমানে টার্মিনাল চালুর কারিগরি পরীক্ষা ও অপারেশনাল কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।
বিমান বহর সম্প্রসারণ: মন্ত্রী আরও জানান, যাত্রীচাহিদা বৃদ্ধি ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয় বিবেচনায় রেখেই বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন বিমান যুক্ত হলে ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়বে এবং সেবার মানও উন্নত হবে। থার্ড টার্মিনাল উদ্বোধন হওয়ার পর যাত্রীসেবার মান কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং ও বোর্ডিং প্রক্রিয়ায় অভূতপূর্ব গতি আসবে।
সাক্ষাৎকারে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্য সচিব ইমন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশের পর্যটন খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও গণমাধ্যম একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
আরো পড়ুন…