
জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার একটি বন্ধ ঘর থেকে স্বামী, স্ত্রী ও এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ও এলাকাবাসী। রবিবার (১৭ মে) মধ্যরাতে এই তিনজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৬ মাস বয়সী এক শিশু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় গত ৩ বছর ধরে ভাড়া থাকেন মিষ্টি বাড়ৈ নামে এক নারী। মিষ্টি বাড়ৈ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী।
রবিবার বিকেলে চিন্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মিষ্টি বাড়ৈয়ের বাসায় আসেন এবং নিজেকে মিষ্টির চাচাতো ভাই হিসেবে পরিচয় দেন। এরপর মধ্যরাত হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় আশপাশের লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হয়।
পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মধ্যরাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ ওই তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান ঘটনার সময় পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। পরে মিষ্টির ফোন পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।