
মোঃ রাশিদুল ইসলাম (গাজীপুর জেলা প্রতিনিধি) ও মোহাম্মদ শফিকুল ইসলাম (ঢাকা জেলা প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্ডিতলা জামে মসজিদে নামাজ পড়তে এসে চরম অমানবিকতার শিকার হচ্ছেন এক অসহায় শারীরিক প্রতিবন্ধী যুবক। নামাজে থাকা অবস্থায় বারবার চুরি বা নিখোঁজ হয়ে যাচ্ছে তার পথ চলার একমাত্র সম্বল হাতের লাঠিটি। নামাজ শেষে লাঠি না পেয়ে বাড়ি ফেরার পথে ব্যস্ত সড়ক পার হতে গিয়ে চলন্ত গাড়ির নিচে চাপা পড়া থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন তিনি।
ভুক্তভোগী নাসিরুদ্দিন উপজেলার বলিয়াদী অন্তর্গত শেওরাতলী গ্রামের বাসিন্দা। তিনি একসময়ের মেধাবী ছাত্র এবং স্থানীয় সুনামধন্য ব্যক্তি মরহুম ছলিমুদ্দিনের ছেলে। বর্তমানে শারীরিক প্রতিবন্ধকতার কারণে কোনো কর্মসংস্থান না থাকায় অন্যের ওপর নির্ভর করে ও লাঠিতে ভর দিয়ে তাকে চলতে হয়।
স্থানীয় মুসল্লি ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক গ্রাম থেকে অন্য গ্রামে এসে চন্ডিতলা মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন নাসিরুদ্দিন। কিন্তু প্রায় সময়ই নামাজ শেষে তিনি তার লাঠিটি আর খুঁজে পান না। একজন অসহায় প্রতিবন্ধীর চলার অবলম্বন এভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহল ও মুরব্বীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা চন্ডিতলা জামে মসজিদ কমিটি এবং স্থানীয় জনসাধারণের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন, যেন নাসিরুদ্দিনের লাঠিসহ তার কোনো জিনিসে কেউ হাত না দেয়। একই সাথে তারা এই অসহায় যুবকের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা ও মানবিক আচরণ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।