
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
অসময়ে ধান উৎপাদনে উৎসাহ—খরিপ-১ মৌসুমে আউশ চাষ বৃদ্ধিতে সরকারের প্রণোদনা কার্যক্রম
ফেনীর সোনাগাজী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উপশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং অসময়ে ধান উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। প্রণোদনার আওতায় নির্বাচিত কৃষকদের মাঝে উন্নতমানের আউশ ধানের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ মাঈন উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আউশ ধানের উৎপাদন বাড়াতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করবে বলে আমরা আশা করছি।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। তিনি বলেন, “কৃষিই আমাদের অর্থনীতির মূল ভিত্তি। কৃষকদের সহায়তা প্রদান করে উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা গেলে দেশের খাদ্য ঘাটতি অনেকাংশে কমে আসবে। সরকার কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে সার ও বীজ পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে এবং আউশ চাষে আগ্রহ বাড়বে। তারা আশা প্রকাশ করেন, সরকারের এই সহায়তা তাদের ভালো ফলন পেতে সহায়ক হবে।
উল্লেখ্য, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন মৌসুমে কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করে আসছে।