
কালিয়াকৈরে মাদক ও সন্ত্রাস বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোঃ রাশিদুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের বরাব এলাকায় মাদকসেবী ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সচেতন সমাজ। মাদক ও সন্ত্রাসের কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
আজ শনিবার সকাল ৯টায় বরাব দুলাল মার্কেটের সামনে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বরাব সচেতন সমাজ-এর উদ্যোগে এই মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় মাদকসেবীদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে, যার ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে এলাকা থেকে মাদক নির্মূলের জোর দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।